এলপিজির দাম আরো বাড়ল, ১২ কেজির দাম ১৩৫৬ টাকা

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরেক দফা বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩৫৬ টাকা।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে বলে এদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

এর আগে গত ৪ জানুয়ারি সবশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। বিভিন্ন আকারের বোতলজাত এলপিজির দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৬২২ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৪১৩ টাকা, ১৫ কেজির দাম এক হাজার ৬৯৬ টাকা এবং ৩৩ কেজি সিলিন্ডারের দাম তিন হাজার ৭৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি বলেছে, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি মাসের কন্ট্রাক্ট প্রাইস অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় মূল্য বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। জানুয়ারিতে এ দাম ছিল প্রতি লিটার ৫৯ টাকা ৮০ পয়সা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশন নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে কোনো পর্যায়েই এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধ৪ হাজার ৪৬৫ কোটি টাকা কমিয়ে নতুন করে প্রকল্প ব্যয় নির্ধারণ
পরবর্তী নিবন্ধসর্বস্তরে এখনো চালু হয়নি বাংলা