নাইক্ষ্যংছড়িতে গত ২২ ডিসেম্বর বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যায় পণ্যবাহী ট্রাক। এবার খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকসহ তিনটি গাড়ি পড়ে গেল খালে। গতকাল শনিবার সকালে দীঘিনালা-লংগদু সড়কের বোয়ালখালি খালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর থেকে রাঙামাটির লংগদুর সঙ্গে দীঘিনালার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিকল্প রাস্তা না থাকায় লংগদুর সঙ্গে বিচ্ছিন্ন আছে ঢাকা, চট্টগ্রাম ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার পর দুটি কাঠবোঝাই ট্রাক ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি যাত্রীবাহী মাহেন্দ্রাও খালে পড়ে যায়। দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো. কাশেম বলেন, এসব ব্রিজে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচল করা নিষেধ। আমরা বিভিন্ন সময় চালকদের সতর্ক করেছি। এরপরও ঝুঁকি নিয়ে চলাচল করছে। তিনি দীর্ঘস্থায়ী সেতু নির্মাণের দাবি জানান। দীঘিনালা সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারী বীর ভদ্র চাকমা বলেন, ব্রিজে ৫ টনের বেশি যান চলাচল নিষেধ। এরপরেও অন্তত ৫০ টন ওজনের দুটি ট্রাক ব্রিজ পার হচ্ছিল। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। নিষেধাজ্ঞা অমান্য করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে। নতুন বিকল্প সেতু নির্মাণ করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে জানান তিনি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, অতিরিক্ত কাঠবোঝাই দুটি ট্রাক ব্রিজে উঠায় এই দুর্ঘটনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










