চট্টগ্রাম রাজনীতির তীর্থভূমি রাউজানের বৃহত্তর গহিরা গ্রামের তিন সন্তান ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের রায়ে পৃথক তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোটের লড়াইয়ে বিজয়ী এই তিন কৃতী গহিরা গ্রামের দুটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাদের মধ্যে দুজনের জন্ম বঙ্গআলী চৌধুরী বাড়িতে। চাচা ভাতিজা সম্পর্কে দুই সংসদ সদস্য একজন ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার অবিভক্ত পাকিস্তানের স্পিকার মরহুম ফজলুল কাদের চৌধুরীর তৃতীয় সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান ৩ বারের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (রাউজান আসন) ও অপরজন ফজলুল কাদের চৌধুরীর জৈষ্ঠ সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরের ছোট সন্তান (রাঙ্গুনিয়া আসন থেকে প্রথমবারের মত নির্বাচিত) হুমাম কাদের চৌধুরী।
অপরজন চট্টগ্রাম ৯ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মরহুম আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। ভোটারদের রায়ে নির্বাচিত এই তিন কৃতী সংসদ সদস্যের বাড়ি বৃহত্তর গহিরা গ্রামের এক কিলোমিটারের মধ্যে। নির্বাচনী ফলাফলের দিক থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এবার বেশি ভোটে নির্বাচিত হয়েছেন রাউজান আসনের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ ১১ হাজার ২০১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্ট প্রার্থী ইলিয়াছ নুরীর প্রাপ্ত ভোট ২৬ হাজার ৬৯৬। রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত হুমাম কাদের চৌধুরী বিজয়ী হয়েছেন এক লক্ষ এক হাজার ৩৬৭ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামীর দাঁড়িপাল্লার এ টিএম রেজাউল করিম ভোট পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫। চট্টগ্রাম–১০ আসনে সাঈদ আল নোমান ভোট পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মুহাম্মদ শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৬ হাজার ৯১৯ ভোট।












