ভোট নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ভোট নিয়ে মানুষের এমন আগ্রহ একটি বড় অর্জন বলেও জানান তিনি।
গতকাল নির্বাচনী মালামাল কেন্দ্রগুলোতে পৌঁছানো এবং সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আমরা কোনো কেন্দ্রকে আলাদাভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছি না। প্রতিটি কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে ফোর্স মোতায়েন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কোনো কেন্দ্র থেকে কোনো ঘটনা ঘটলে পাঁচ মিনিটের মধ্যে সেখানে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত উপস্থিতি নিশ্চিত করা গেলে ঝুঁকি অনেকটাই কমে যায়।
তিনি বলেন, সরকারের সব বিভাগ–বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, র্যাব, বিজিবি একই গতি ও একই স্পিরিট নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য জাতিকে একটি কাঙ্ক্ষিত নির্বাচন উপহার দেওয়া। আনোয়ারা উপজেলায় একটি স্কুলের সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনায় তিনি বলেন, ক্যামেরাটি ভাঙচুর করা হয়নি, সরিয়ে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে তা পুনঃস্থাপন করা হয়েছে। কেন এবং কীভাবে এটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জেলা প্রশাসক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তারা বিশ্বাস করেন–এবারের নির্বাচন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। রাজনৈতিক দলগুলো অংশ নেবে, কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু আমরা যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছি, আমরা জেতাতে চাই বাংলাদেশকে; জেতাতে চাই মানুষের প্রত্যাশাকে। তিনি আরও বলেন, দীর্ঘদিন অনেক মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পূর্ণতা পায়নি। এবারের নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে, দেশের ভাবমূর্তি রক্ষার নির্বাচন। আমরা সামরিক ও বেসামরিক সব কর্মকর্তা একই স্পিরিট ও গতিতে কাজ করছি একটি গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন আয়োজনের লক্ষ্যে।
জাহিদুল ইসলাম জানান, ইতিমধ্যে রাঙ্গুনিয়া, রাউজানসহ বিভিন্ন উপজেলা পরিদর্শন করা হয়েছে। ব্যালট পেপার যথাযথভাবে পৌঁছেছে কিনা, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি, ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা–এসব বিষয় সরেজমিনে দেখা হচ্ছে। তিনি বলেন, ভোটাররা যাতে অযথা অপেক্ষা না করেন, সে বিষয়েও আমরা নজর দিচ্ছি। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল ও মনিটরিং সেল থেকে ইন্টারনেটের মাধ্যমে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে।











