এবারের নির্বাচন দেশের বাঁক বদলের নির্বাচন

নির্বাচনী জনসভায় সালাহউদ্দিন

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। গতকাল শনিবার বিকেলে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশের বাঁক বদলে যাবে। দেশ নিয়ে বিএনপি যে পরিকল্পনা ঘোষণা করেছে তা বাস্তবায়ন করা হবে। ধানের শীষকে মানুষের, গণতন্ত্রের মার্কা উল্লেখ করে তার আশাবাদদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষে ভোট দিবেন। এ সময় আরো বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমদ, তাদের জ্যেষ্ঠ পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপুসহ আরো অনেকে। এর আগে সকালে চকরিয়া উপজেলার সুরাজপুরমানিকপুর ইউনিয়নে গণসংযোগ করেন সালাহউদ্দিন আহমদ। গণসংযোগে তিনি একটি পথসভায় যোগ দিয়ে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভী জয়নাল আবেদীনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচলতি বছর নিপা ভাইরাসে দেশে প্রথম মৃত্যু
পরবর্তী নিবন্ধনির্বাচন ঘিরে সারা দেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধের ঘোষণা