এবারও হলো না ভারত পাকিস্তানের হ্যান্ডশেক

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

কলম্বোতে টিটোয়েন্টি বিশ্বকাপের বহুল কাঙ্ক্ষিত গ্রুপ পর্বের ম্যাচটি যথা সময়েই শুরু হয়েছে। বৃষ্টি নিয়ে শঙ্কা থাকলেও টস হয়েছে নির্ধারিত সময়ে। ভারতের বিপক্ষে শুরুতে টস জিতে বোলিং নেয় পাকিস্তান। অবশ্য দুই দলের হ্যান্ডশেক বিতর্ক এবারও থাকছে। গত এশিয়া কাপের মতো করমর্দন করেনি দুই দলের অধিনায়কের কেউ। যা নিয়ে আলোচনাসমালোচনা শুরু হয়েছে। টস জয়ের পর সারফেস বিবেচনায় নিয়েই শুরুতে বোলিংয়ের কথা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তবে ভারতের অধিনায়ক সূর্যকুমার বলেছেন তারা অবশ্য ব্যাটিংই করতেন। টস জয়ের পর সূর্যকুমারের সঙ্গে কোনও রকম ভাবের আদানপ্রদান ছাড়াই উপস্থাপকের দিকে ছুটে যান সালমান। এ সময় সূর্যকুমার নিজেও নির্লিপ্ত থাকেন পুরোটা সময়। ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে কলম্বোতে উপস্থিত বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘নো হ্যান্ডশেক নীতি চলবে।’

শুধু টস নয়, ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যেও কোনো করমর্দন হবে না বলেও জানা গেছে। সূর্যকুমার যাদব এই অবস্থান নিয়েছেন পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি সম্মান এবং ‘অপারেশন সিন্দুর’এর পর ভারতীয় সেনাবাহিনীর প্রতি সংহতি জানাতে। ম্যাচের আগের দিনও বিষয়টি স্পষ্ট হয়ে যায়। সূর্যকুমার কিংবা সালমান; কেউই করমর্দনের বিষয়ে নিশ্চিত প্রতিশ্রুতি দেননি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াগামী দল চূড়ান্ত হয়নি বাংলাদেশের
পরবর্তী নিবন্ধকলকাতার সিনেমার প্লেব্যাকে চঞ্চল