এবারও ঈদে মিলছে না নতুন টাকার নোট

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

আগেরবারের মত এবারও ঈদ উপলক্ষে ব্যাংক থেকে নতুন টাকার নোট পাওয়ার সুযোগ হচ্ছে না নাগরিকদের। আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ঈদ উপলক্ষে পুরনো টাকা বদলে নতুন নোট নেওয়ার সুযোগ দেওয়া হত। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাণিজ্যক ব্যাংকের কোনো কোনো শাখা থেকে নতুন নোট বিতরণ করা হবে, তা জানিয়ে সার্কুলার দেওয়া হত। এবারও বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ঈদে কোনো নতুন নোট ছাড়া হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। খবর বিডিনিউজের।

তিনি বলেন, গতবছর থেকে বাংলাদেশ ব্যাংক ঈদ উপলেক্ষে কোনো নতুন টাকার নোট বাজারে ছাড়ছে না, এবছরও তাই। বাংলাদেশ ব্যাংক বিশেষ কোনো উপলক্ষে নতুন টাকার নোট বাজারে ছাড়ার কাজটি করে না। এটি সারা বছরের নিয়মিত কাজ, নিয়মিতভাবেই করবে। ব্যাংকগুলো প্রতিদিন বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ও পুরনো নোট নিয়ে যাচ্ছে।

কর্মকর্তাদের জন্য নতুন নোট :

দীর্ঘ দিনের রেওয়াজ বন্ধ হলেও নতুন টাকার চাহিদা কমেনি। ব্যাংকগুলোতে প্রতিনিয়ত নতুন টাকার নোট বিনিময় করতে হাজির হচ্ছেন গ্রাহকরা। অন্যদিকে জনসাধারণের জন্য উন্মুক্ত না হলেও নিজেদের কর্মীদের মধ্যে নতুন টাকার নোট বিনিময় করতে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একজন কর্মকর্তা সর্বোচ্চ কত টাকার নতুন নোট বিনিময় করতে পারবেন, তার সীমা ঠিক করে অভ্যন্তরীণ সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাজিরাভিত্তিক নিয়োজিত কর্মীরাও সেই তালিকায় রয়েছেন। গত রোববার থেকে বাংলাদেশ ব্যাংক ও টাকশালের (দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন) কর্মীরা এ সুবিধায় নতুন টাকার নোট সংগ্রহ শুরু করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নির্বাহী পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকার নতুন নোট বিনিময় করতে পারবেন।

আর সবার নিম্নে থাকা আউটসোর্সিংয়ের কর্মীরা পাবেন ৬৮ হাজার টাকা। আউট সোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীসহ চুক্তিভিত্তিক নিয়োজিত এসব কর্মীর মাসিক মজুরি সর্বোচ্চ ২০ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে : বিভাগীয় কমিশনার
পরবর্তী নিবন্ধআকাশপথে কাটেনি সংকট