দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড তাদের প্রতিষ্ঠার এক যুগপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কাস্টমার মিটআপ ও যুগপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।
রোববার সকালে নগরের আগ্রাবাদ আকতারুজ্জামান সেন্টারে অবস্থিত কোম্পানির কর্পোরেট অফিসে খতমে কোরআনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
প্রথম দিনে কেক কেটে যুগপূর্তি উদযাপনের সূচনা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট কাজী আবুল মনছুর। দ্বিতীয় ও সমাপনী দিনে কেক কেটে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল।
অনুষ্ঠানে এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ আমিন ফয়সল বলেন, ‘দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমরা দেশ-বিদেশের গ্রাহকদের নিয়মিত ও কাস্টম সফটওয়্যার নির্মাণ, শতাধিক স্বনামধন্য পত্রিকা ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং ডোমেইন-হোস্টিংসহ বিভিন্ন আইটিইএস সেবা দিয়ে আসছি। ২০২৬ সালের মধ্যে মধ্যম আয়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নামমাত্র সাবস্ক্রিপশনে একটি এসএমই অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রায় এক হাজারেরও বেশি গ্রাহককে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করছি এবং আগামীতেও আরও উন্নত ও মানসম্মত সেবা দেওয়ার প্রত্যয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
দুই দিনব্যাপী এ আয়োজনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।












