ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জোবাইরুল আরিফের প্রার্থিতা নিয়ে দায়ের করা আপিল প্রত্যাহার করেছেন একই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাছের। এতে করে ওই আসনে প্রার্থিতা ঘিরে চলমান আইনি অনিশ্চয়তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে বলে জানান এনসিপির নেতারা।
বিষয়টি নিশ্চিত করে জোবাইরুল আরিফ জানান, তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিলটি জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, ডা. আবু নাছের ভাই আমার প্রার্থিতার বিরুদ্ধে যে আপিল করেছিলেন, সেটি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উইথড্র করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ১০ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে চট্টগ্রাম–৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে জোবাইরুল আরিফের অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন জোটের নেতা–কর্মীরা। তাদের মতে, জোটের ভেতরে সমন্বয় বজায় রাখার ক্ষেত্রে এই পদক্ষেপ একটি ইতিবাচক সংকেত। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১০ দলীয় জোটের আসন ভাগাভাগির চূড়ান্ত সমঝোতায় চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল আরিফকে প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করা হয়।












