এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বৈধ, আপিল খারিজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তি প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে উক্ত চুক্তি বাস্তবায়নে আর কোনো আইনি বাধা থাকলো না। এর আগে নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদএর একক বেঞ্চে পাঠানো হয়।

গত ২৯ জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ চুক্তি প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে রায় দেন। গতকাল আপিল বিভাগ সেই রায় বহাল রাখায় ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে এনসিটি টার্মিনাল পরিচালনার পথে আর কোনো বাধা থাকলো না।

পূর্ববর্তী নিবন্ধস্পিকার হলেন হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল
পরবর্তী নিবন্ধটেকনাফে অভিযানকালে র‌্যাবের ওপর হামলায় আহত ১০, গাড়িতে আগুন