জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনকে কেন্দ্র করে সরকারের কঠোর পদক্ষেপের মধ্যে এবার শুল্কের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল প্রকাশ করে চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ করার অভিযোগ তুলে গতকাল বুধবার তাকে বরখাস্ত করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে এনবিআরের দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত মুকিতুল হাসানের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিডিনিউজের।
প্রজ্ঞাপনে বলা হয়, তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল। এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে আন্দোলনে থাকায় বিভিন্ন কারণে ১৫ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার এক দিনেই ১৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন। সবশেষ বরখাস্ত হওয়া মুকিতুল হাসানকে এনবিআরের দুই মাসের আন্দোলনে প্রকাশ্যে সেভাবে দেখা যায়নি। তবে তিনি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য তালিকায় ছিলেন।
এনবিআর দুই ভাগ করে গত মে মাসে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির আন্দোলন থামতে না থামতে সংস্থাটির কর্মীরা নানা অভিযোগ তুলে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নতুন আন্দোলনে নামেন। পরে দাবি আদায়ে ২৮ জুন কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন তারা। এ নিয়ে সরকার কঠোর হতে শুরু করলে আন্দোলন বাদ দিয়ে কাজে ফেরেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলন থামার পর কর্মকর্তাদের আতঙ্কের মধ্যে এখন একের পর এক কঠোর ব্যবস্থা নিচ্ছে এনবিআর।









