পেশায় এনজিও কর্মী। সুদর্শন চেহারা আর শুদ্ধ বাংলায় চমৎকার বাচন ভঙ্গি। নাম তার আরিফ উল্লাহ (২৫)। এনজিওকর্মী পরিচয়ের আড়ালে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারে যুক্ত থাকার অভিযোগে তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার আরিফ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বারঘর পাড়ার আবুল কালামের ছেলে। গেল এক বছর ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করে আসছিলেন। মহেশখালীর গহীন পাহাড়ের কারখানায় তৈরি হওয়া প্রতিটি অস্ত্রের মূল্য ১৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলছে, আরিফ এনজিও কর্মী পরিচয়ে এর আগেও কয়েকবার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচার করেছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতেও অস্ত্র পাচার করছিল। এ সংবাদের ভিত্তিতে শহরের ৬ নম্বর ঘাট থেকে দুটি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
কঙবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তার উপর নজর রাখছিল পুলিশ। এনজিওকর্মীর পরিচয়ে বারবার অস্ত্র নিয়ে যেত আরিফ। তাদের সিন্ডিকেটের ব্যাপারে তথ্য নেয়া হচ্ছে। পর্যায়ক্রমে তাদেরও গ্রেপ্তার করা হবে।









