দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন, ঠিক তেমনি সামাজিকমাধ্যমেও নিয়মিত নিজের নজরকাড়া উপস্থিতি জানান দেন তিনি। গত ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয় অভিনীত সিনেমা ‘ওসিডি’। গত বছর তার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। খবর বাংলানিউজের।
দেশে মুক্তি পায় ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ফেরেশতে’এবং ‘জয়া আর শারমিন’। অন্যদিকে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা। সমপ্রতি ‘সংগীত বাংলায়’ দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসানের অভিনয় দক্ষতার পাশাপাশি তার খাবার নিয়েও মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত রোমান্টিক থ্রিলার সিনেমা ‘রবিবার’–এর মাধ্যমে প্রসেনজিৎ ও জয়া আহসান প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন।এরপর পরিচালক সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমাতেও দেখা গেছে তাদের একসঙ্গে। জয়া আহসান প্রসঙ্গে কথা উঠতেই বিস্ময় প্রকাশ করে প্রসেনজিৎ বলেন,শুটিং সেটে জয়া আহসান একদম তৈরি হয়ে আসে। শট দেওয়ার সময় তাকে দেখলে মনে হবে– পুরোটা তৈরি হয়ে আসা একজন অভিনেত্রী।জয়া যে ‘খাদ্যরসিক’ সেটি কাছ থেকে দেখেছেন প্রসেনজিৎ। তিনি বলেন, জয়ার আরও একটা অদ্ভুত দিক আছে– ও কোনো দিনও মোটা হয় না। এত এত রসগোল্লা খায়। বুম্বাদা বলেন, আমি একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম– তুই এত রসগোল্লা খাস কীভাবে? ও যখনই সময় পায় খায়, আসনও করে না, কিন্তু ওর গায়ে ফ্যাট ধরে না।













