জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের একপর্যায়ে সংসদ সদস্য আবুল হাসনাতকে (হাসনাত আব্দুল্লাহ) সতর্ক করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছে, এটা শাহবাগ নয়, এটা সংসদ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় জাদুঘর বিলের সংশোধনী, ‘সমঝোতা ভঙ্গের’ অভিযোগ এবং বাকি অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে দীর্ঘ বিতর্কের মধ্যে স্পিকার তাকে এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিলটি উত্থাপন করেন। সংসদে উত্থাপনের পর বিলটি অবিলম্বে বিবেচনার জন্য নেওয়া হয়। যদিও সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা এই অধ্যাদেশসহ ৯৮টি অধ্যাদেশ হুবহু পাসের সুপারিশ করেছিল, পরে অধিবেশনে ৮ ধারায় তিনটি সংশোধনী এনে বিলটি সংশোধিত আকারে পাস হয়। খবর বিডিনিউজের।
তার আগে বিতর্কের একপর্যায়ে স্পিকার সংসদে সরকারি ও বিরোধী দলের সহযোগিতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিপুল সংখ্যক বিল পাস হলেও সরকারি দল ও বিরোধী দলের মধ্যে ‘চমৎকার সমঝোতা’ দেখা গেছে, যা সংসদীয় ইতিহাসে বিরল। অতীতের কয়েকটি সংসদের কথা টেনে স্পিকার বলেন, তখনকার তুলনায় বর্তমান সংসদের পরিবেশ অনেক ভালো এবং সহনশীল।
হাফিজ উদ্দিন যখন সহযোগিতার এই পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছিলেন, তখন আবুল হাসনাত নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে আপত্তি জানাতে থাকেন। তখন কক্ষে হৈচৈ তৈরি হয়। এ সময় স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কয়ার। দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।
এরপরও কক্ষে চিৎকার–চেচামেচি শোনা যায়। তার মধ্যেই বৈঠকের সভাপতি তার বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন, সংসদে মৌখিক বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত, আপত্তি থাকলে লিখিত নোটিস দিতে হবে। তার ভাষায়, নোটিশ দেবেন, উইল অ্যাডজুডিকেট অন দ্য নোটিশেস।














