এখনই চাঁদে মানুষ পাঠাচ্ছে না নাসা

| রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

চাঁদে আবারও মানুষ পাঠানোর মিশনে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে নাসা। শুক্রবার সংস্থাটির নবনিযুক্ত প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, দীর্ঘ অর্ধশতাব্দী পর চাঁদের পৃষ্ঠে অবতরণের আগে অন্তত একটি নতুন পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে। ফলে ২০২৮ সালের আগে মানুষবাহী কোনও যান চাঁদে নামছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

প্রযুক্তিগত জটিলতা এবং খুব দ্রুত অনেক কিছু অর্জনের চেষ্টার কারণে যে সমালোচনা সৃষ্টি হয়েছে, তা সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইজ্যাকম্যানের মতে, বড় কোনও ঝুঁকি না নিয়ে ধাপে ধাপে এগোতে চায় নাসা। নতুন এই পরিকল্পনার প্রভাবে পিছিয়ে গেছে আর্তেমিস২ অভিযানও। চলতি বছরের ৬ মার্চ চাঁদের চারপাশ ঘুরে আসার কথা ছিল এই মিশনের। কিন্তু তা পিছিয়ে আগামী ১ এপ্রিল পুনর্নিধারণ করা হয়েছে। সমপ্রতি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে রকেটের ওপরের অংশে হিলিয়াম প্রবাহে বাধা ধরা পড়ায় সেটিকে হ্যাঙ্গারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে হাইড্রোজেন লিকের কারণেও অভিযানটি বাধাগ্রস্ত হয়েছিল। আর্তেমিস২ মিশনে চারজন নভোচারী ১০ দিনের সফরে চাঁদের চারপাশ ঘুরে আসবেন। এটি ১৯৭০ সালের অ্যাপোলো১৩এর গড়া দূরত্বের রেকর্ড ভেঙে মানুষকে মহাকাশের আরও গভীরে নিয়ে যাবে। আগে পরিকল্পনা ছিল আর্তেমিস৩ মিশনের মাধ্যমে ১৯৭২ সালের পর প্রথম কোনও মানুষ চাঁদে নামবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এই মিশনটি পরিচালনা করা হবে। এটি চাঁদে না গিয়ে পৃথিবীর নিম্ন কক্ষপথে (লোআর্থ অরবিট) থেকে জটিল সব প্রযুক্তি ও মহাকাশযানের সক্ষমতা পরীক্ষা করবে।

আইজ্যাকম্যান সিবিএস নিউজকে বলেন, আমাদের মৌলিক বিষয়গুলোতে ফিরে যেতে হবে। ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিনরা চাঁদে নামার আগে তিনটি আলাদা মিশন সম্পন্ন করা হয়েছিল। আমরাও সেভাবে ধাপে ধাপে ঝুঁকি কমিয়ে এগোতে চাই। নাসার নতুন সূচি অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালে আর্তেমিস৪ মিশনের মাধ্যমে চাঁদে মানুষ অবতরণ করানো হবে। লক্ষ্য হলো চাঁদের দক্ষিণ মেরুর কাছে নভোচারীদের নামানো। এরপর ২০২৮ সালেই আর্তেমিস৫ পরিচালনা করার এবং পরবর্তী প্রতি বছর একটি করে চন্দ্রাভিযান চালানোর পরিকল্পনা রয়েছে নাসার।

পূর্ববর্তী নিবন্ধলস অ্যাঞ্জেলেসের দেউলিয়া গ্রাফিতি টাওয়ার্স পেল ৪৭ কোটি ডলারের ক্রেতা
পরবর্তী নিবন্ধডেনমার্কে আগাম নির্বাচন ঘোষণা প্রধানমন্ত্রীর, কেন্দ্রবিন্দুতে গ্রিনল্যান্ড