এক দম্পতির ভালোবাসা ও বিশৃঙ্খল কিছু কাজের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’। রাজার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে সিনেমাটি, যা পরিচালনা করেছেন রেজাউর রহমান। সিনেমাটি নিয়ে বিজ্ঞপ্তিতে পরিচালক রেজাউর বলেন, এই গল্পটা মূলত আজকের সময়ের সম্পর্কগুলোকে ঘিরেই। খবর বিডিনিউজের।
ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। এই সিনেমায় দেখানো হবে কীভাবে দুই মানুষ সমাজের প্রত্যাশার ভার সামলে নিজেদের মানসিক শান্তি ও সত্যিকারের সুখের খোঁজে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ইয়াশ আর পারসা দুজনেই দারুণ অভিনয় করেছেন। আশা করছি পুরো ফিল্মটি দেখে দর্শক আনন্দ পাবে। ‘একসাথে আলাদা’ নিয়ে অভিনেতা ইয়াশ রোহান বলেন, স্ক্রিপ্ট পড়েই মনে হয়েছিল এটি খুব পরিচিত এক গল্প যা আমাদের চারপাশেই ঘটে। সেজন্যই এতে যুক্ত হই। রেজাউরের সঙ্গে কাজ করা সবসময়ই উপভোগ্য। আশা করছি সিনেমাটি মুক্তির পর দর্শকরা ভালো কিছু পাবেন।
অভিনেত্রী ইভানা বলেন, চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। ইয়াশের সঙ্গে কাজ করাও খুব ভালো লেগেছে। আমরা দুইজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে। আগামী ১৯ মার্চ হইচইয়ে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান, রোজি সিদ্দিকী ও দীপা খন্দকারসহ আরও অনেকে।










