তথ্যপ্রযুক্তির সহায়তায় এক বছর আগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামিকে নগরীর হিলভিউ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ হাজার ৫শ ইয়াবাসহ আরো চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
গত রোববার দিবাগত রাতে হিলভিউ আবাসিক এলাকা থেকে হারেজা বেগমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা পাচারের কথা স্বীকার করে জানান, তার স্বামী আব্দুর রহিম রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহ করে নগরীতে নিয়ে আসেন। তার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল ভোরে আব্দুর রহিমসহ আরো চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের বাসা থেকে ১০ হাজার ৫শ ইয়াবা, ইয়াবা বহনে ব্যবহৃত একটি হটবঙে রাখা ৩২ হাজার টাকা এবং এসএ পরিবহনের তিনটি রসিদ উদ্ধার করা হয়। তারা এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগরীতে ইয়াবা আনতেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (ওসি) আবদুল করিম জানান, হারেজা বেগমের বিরুদ্ধে গত বছরের ১৩ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা পাচারের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী আব্দুর রহিমসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হারেজা বেগম, আব্দুর রহিম, নুর বেগম, লিজা আক্তার ও খালেদা বেগম। তারা সবাই একই পরিবারের সদস্য।














