এক প্রার্থীর অনুকূলে অত্যধিক ডামি এজেন্ট নিয়ে আমরা শঙ্কিত

নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে অধ্যক্ষ হেলালী

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই এই মুহূর্তে জাতির প্রধান দাবি। কিন্তু নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো কোনো মহল এক প্রার্থীর অনুকূলে অতিরিক্ত ডামি এজেন্ট নিয়োগের মাধ্যমে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডে আমরা শঙ্কিত।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় জামায়াতের নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। অবাধ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অধ্যক্ষ হেলালী। নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ১০ আসনের প্রার্থীর নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ইশতেহার ঘোষণাকালে অধ্যক্ষ হেলালী বলেন, নির্বাচিত হলে তিনি চট্টগ্রাম১০ আসনকে একটি আধুনিক, বাসযোগ্য ও নাগরিকবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। কর্মসংস্থান সৃষ্টি, যুব সমাজের উন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ নির্মূল, দুর্নীতিমুক্ত প্রশাসন, নিরাপদ সড়ক ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নানা বাস্তবমুখী পরিকল্পনা তিনি তুলে ধরেন। পাশাপাশি দূষণমুক্ত নগর জীবন গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, হালিশহর থানা জামায়াতের আমির ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমির ফারুকের আজম, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমির নুরুল আলম, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম প্রমুখ। এছাড়া জোটের স্থানীয় নেতারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে বিভিন্ন পেশাজীবীদের গণসংযোগ
পরবর্তী নিবন্ধজনগণ সুযোগ দিলে মানুষের সুখ-দুঃখে পাশে থাকবো