‘সুন্দর আগামীর জন্য’ এই স্লোগানকে ধারণ করে ২০১৬ সালের ১লা এপ্রিল আনোয়ারা থেকে যাত্রা শুরু করে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন আজ গর্বের সাথে এক দশক পূর্তি উদযাপন করছে। মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে শুরু হওয়া এই সংগঠন বর্তমানে ২৪টি শাখা এবং ২৪টি মানবিক প্রজেক্টের মাধ্যমে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সময়ে সংগঠনটি হয়ে উঠেছে অসংখ্য মানুষের নির্ভরতার প্রতীক। বর্তমানে ৩টি ফ্রি প্রাইমারি স্কুলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সারাদেশে ১৭টি অবসর পাঠাগার স্থাপন করেছে পাঠাগার অপারেশন টিম। ধর্মীয় শিক্ষার প্রসারে পরিচালিত হচ্ছে ৫টি মক্তব, যা শিশুদের নৈতিকতা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বপ্নযাত্রী ফুডব্যাংকের আওতায় ৩৯৭টি ইভেন্টের মাধ্যমে অভুক্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, মসজিদ ও এতিমখানা সংস্কারে সহায়তা এবং অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলার কার্যক্রম চলমান রয়েছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।
নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন, ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান, জরুরি ও মৌসুমি সহায়তার মাধ্যমে সংগঠনটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দীর্ঘ পথচলায় আমাদের সকল সদস্য, স্বেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষী, দাতা ও উপদেষ্টাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, গভীর কৃতজ্ঞতা ও অসীম ধন্যবাদ। তাদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও সহযোগিতা ছাড়া এই অর্জন কোনোভাবেই সম্ভব হতো না। প্রতিটি অবদানই স্বপ্নযাত্রীর অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে। এক দশক পূর্তি আমাদের জন্য শুধু গর্বের নয়, বরং নতুন অঙ্গীকারের সময়। ভবিষ্যতেও স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মানবিকতার এই যাত্রা অব্যাহত রেখে সমাজের কল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করবে–এই প্রত্যাশা রইলো।













