এক টাকায় ঈদের কাপড়

বিদ্যানন্দ ও সিএমপির উদ্যোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:৩৭ পূর্বাহ্ণ

গরীব ও অসহায় মানুষের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাথে বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে চালু করেছে ‘এক টাকায় ঈদ আনন্দ’ কার্যক্রম।
গতকাল নগরীর বাকলিয়া এলাকার রাজবাড়ি কনভেনশন সেন্টারে তিনদিনের এ কার্যক্রম শুরু হয়। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর ‘বিক্রেতা’ হিসেবে তিনি শিশু ও বয়স্কদের মাঝে তাদের পছন্দের পণ্যটি তুলে দেন। মাত্র এক টাকা খরচ করে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ ঈদের জামা কাপড়- শাড়ি, লুঙ্গি, প্যান্ট, পাঞ্জাবি কিনতে পারছেন। এছাড়া ছোলা, চিনি, সেমাই, নুডুলসও কিনছেন তারা। ক্রেতারা বলছেন, পাঁচ ছয়শত টাকার পণ্য সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সৌজন্যে মাত্র এক টাকায় পাওয়া যাচ্ছে। এটি গরীব মানুষদের জন্য খুশির খবর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. শামসুল আলম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধান কিশোর কুমার দাশ।

পূর্ববর্তী নিবন্ধরাজবিহারী বড়ুয়া
পরবর্তী নিবন্ধমেরিন কন্ট্রাক্টর এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন