এক ঘণ্টায় ১৭ মার্চের সব টিকিট বিক্রি শেষ ট্রেনে ঈদযাত্রা

ওয়েবসাইটে রেকর্ড হিট, টিকিট না পেয়ে হতাশ অনেক যাত্রী

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৮:২০ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিটের ৫ম দিনে যাত্রীদের মাঝে ১৭ মার্চের টিকিট দেয়া হয়েছে। রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল ১৭ মার্চের টিকিট বিক্রির প্রথম ঘণ্টায় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে যাত্রীদের বিপুল চাপ লক্ষ্য করা গেছে। অনলাইন মাধ্যমে রেলওয়ের ওয়েবসাইটে, রেলসেবা অ্যাপসে ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকেই শতভাগ টিকিট বিক্রি হচ্ছে।

দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের ৮ হাজারের মতো টিকিটের জন্য ওয়েবসাইটে প্রায় ৫০ লাখের বেশি হিট রেকর্ড করা হয়। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পূর্বাঞ্চলের সকল ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয়েছে। এবং পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ঈদযাত্রীর অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে গত ৩ মার্চ থেকে। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার বিক্রি হলো ১৭ মার্চের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মার্চের টিকিট বিক্রি হবে আজ ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট বিক্রি হবে আগামীকাল ৯ মার্চ। এবারও বাংলাদেশ রেলওয়ে ঈদযাত্রার শতভাগ টিকিট বিক্রি করছে অনলাইনে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ১৭ মার্চের জন্য চট্টগ্রাম থেকে পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনে ৮ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে। দুপুর ২টায় অনলাইনে টিকিট ওপেন হওয়ার আধ ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজারের মতো টিকিট বিক্রি হয়ে গেছে। তিনটার মধ্যে প্রায় সব টিকিটই শেষ বলে জানান রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইটে প্রায় ৫০ লাখের বেশি হিট রেকর্ড করা হয়। এই সময়ের মধ্যে বিশেষ করে চট্টগ্রামসিলেট, চট্টগ্রামচাঁদপুর, চট্টগ্রামঢাকারাজশাহী, চট্টগ্রামঢাকা রুটের ট্রেনের কোনো আসন অবশিষ্ট ছিল না।

চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, অন্যান্য দিনের তুলনায় ১৭ মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। শনিবার ১৭ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে। একইভাবে ১৮ এবং ১৯ মার্চের টিকিটের জন্য সীমাহীন চাপ থাকবে। এবারের ঈদযাত্রায় পূর্বাঞ্চলে ১৬টি ট্রেনে প্রতিদিন ৮ হাজারের মতো টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটির দিন থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, একসঙ্গে বিপুলসংখ্যক যাত্রী টিকিট কাটার চেষ্টা করায় ওয়েবসাইট ও অ্যাপে চাপ তৈরি হয়েছে। তারা ধারণা করছেন, গতকাল শনিবারের মতো আজ ও আগামীকাল টিকিটের চাহিদা সর্বোচ্চ থাকবে। টিকিট না পেয়ে অনেক যাত্রী সামাজিক যাগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসৈকতে দোকানের নকশা এমনভাবে করতে হবে যাতে প্রাকৃতিক দৃশ্য আড়াল না হয়
পরবর্তী নিবন্ধদেশীয় পাঞ্জাবিতে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি