জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার ঘটনায় ছরোয়ার আলম নামে বঙ্গভবনের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তার সঙ্গে আমরা কথা বলছি, এখনও কোনো মামলা হয়নি। আর মামলা হওয়ার পর আদালতে পাঠানো হবে।
বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ারকে মঙ্গলবার রাতে মতিঝিলের সরকারি কোয়ার্টার থেকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। সেদিন মধ্যরাতে পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, ছরোয়ারে আলমকে আমরা নিয়ে এসেছি। তার মোবাইল এবং ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। এর প্রায় ১৮ ঘণ্টা পর শফিকুল ইসলাম কোনো সিদ্ধান্তের কথা না জানিয়ে ছরোয়ারকে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
জামায়াতের আমিরের ‘এক্স’ হ্যান্ডেল থেকে নারী বিদ্বেষী পোস্ট আসায় রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এ নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাকড করে শনিবার রাতে ওই পোস্ট দেওয়া হয়েছিল। এর মধ্যে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়। এরপর মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের অভিযানে মতিঝিল এলাকা থেকে আটক করা হয় ছরোয়ারকে।
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার অভিযোগে হাতিরঝিল থানায় একটি জিডি হয়। তবে ছরোয়ার আলম আটক হওয়ার পর বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই থাকায় কোনো মামলা হয়নি। তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান সন্ধ্যায় বলেন, জামায়েত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় হাতিরঝিল থানায় জিডি হলেও কোনো থানায় মামলা হয়নি।
বঙ্গভবন এবং মতিঝিল সরকারি কোয়ার্টার পড়েছে পুলিশের মতিঝিল বিভাগে। এই বিভাগের উপ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত জামায়েত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হওয়া বা ছরোয়ারকে আটকের ঘটনায় কোনো মামলা হয়নি।











