মনের হরষে–সুখের পরশে
প্রাণের কথাটি কই,
লিখি কত কথা–ব্যথা ব্যাকুলতা
প্রকাশ করে তা বই।
চেতনার দ্বারে–কড়া এসে নাড়ে
একুশে ফেব্রুয়ারি,
মর্যাদা মানে–সুর তুলে প্রাণে
আহা কি ভুলতে পারি?
ভাষার জন্য–বাঙালি ধন্য
ইতিহাসে লেখে নাম,
দেখেছ বিশ্ব–অবাক দৃশ্য!
আলো দেয় অবিরাম।
কী যে সাহসের? ভাষা দিবসের
এমন কীর্তি গাথা,
আমার যা আছে–নেই কারো কাছে
উঁচু রাখে শির মাথা।










