করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত সরোদবাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন ওস্তাদ শাহাদাত হোসেন খান। বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে ওস্তাদ শাহাদাত হোসেন খানের ভাগনে সেতার বাদক ফিরোজ খান বলেন, করোনায় আক্রান্ত হলে ১২ দিন আগে তিনি ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন। সেখানে শনিবার সন্ধ্যায় মারা যান তিনি। শেষ যাত্রার বিষয়ে তিনি বলেন, ওস্তাদ শাহাদাত হোসেন খানের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সুতরাং এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
শাহাদাত হোসেন খান ১৯৫৮ সালের ৬ জুলাই কুমিল্লা জেলার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ও সেতার বাদক।
তার দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই। তার দুই চাচা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বাহাদুর হোসেন খান এবং সঙ্গীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান। শাহাদাত হোসেনের দুই যমজ মেয়ে আফসানা খান সেতার বাদক ও রুখসানা খান সরোদ বাদক। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও তিনি কলকাতার রাজ্য সংগীত একাডেমি কর্তৃক সংবর্ধিত হন।












