স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। গতকাল দুপুর ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের তরফে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন। অবস্থার অবণতি হলে ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর বিডিনিউজের।
নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল বলেন, তিনি তো কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। উনাকে দেখতে গতকালই আমি হাসপাতালে গিয়েছিলাম। তখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ছিলেন। মাগরিবের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে ডালিয়া নওশীনের জানাজা হয়। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের মেয়ে ডালিয়া নওশীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা। সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক দেয়। পাঁচ বছর বয়সে তিনি সুধীন দাশের কাছে উত্তর ভারতীয় ধ্রুপদী সংগীত ও নজরুল সংগীতের দীক্ষা নেন। ১৯৭৩ সালে ছায়ানট থেকে সংগীতের পাঁচ বছর মেয়াদী শিক্ষা নিয়ে তিনি সেখানে শিক্ষক হিসেবে যোগ দেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন ১৪ বছরের কিশোরী। এপ্রিল মাসে তিনি পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান এবং বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যোগ দেন। তাদের দল প্রথমে ‘রূপান্তরের গান’ নামে একটি গীতিনাট্য গায়। পরে সেই গীতিনাট্যের নাম পরিবর্তন করে ‘মুক্তির গান’ নাম দেওয়া হয়।
বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে স্বাধীন বাংলাদেশের পক্ষে সংগীত পরিবেশন করার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন ডালিয়া নওশীন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ‘বিশেষ গ্রেডের’ শিল্পী হিসেবে তালিকাভুক্ত ডালিয়া নওশীন দেশ ও দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। ডালিয়া নওশীনের মৃত্যুতে শোক জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ।













