দেখো একদিন আমি সূর্যের আলো হয়ে যাবো।
ঠিক যেখানে যতটুকু আলো প্রয়োজন
শস্য ফলে পাতারা চোখ মেলে
–এই অনুভব হলো বারান্দার পাতাবাহার দেখে
ওরা শুধু ঘুরে যায় সূর্যের দিকে।
নিরন্তর চেয়েছিলাম পূর্ণ বটবৃক্ষ হতে
আহা! ওখানে দেখি শুধু স্বার্থপরতা
যার যতটুকু প্রয়োজন নেয় ছায়া
তারপর তাকে ফেলে যায় চলে
অতএব এই ভালো সূর্যের মতো হওয়া।
জলমা’র বৈঠাঘাটার বাল্যবন্ধুর হাত ধরে
বললাম, পাতাবাহার দেখেই শিখলাম
একদিন সূর্যের আলো হবো।
ওর চোখে ওর সিঁথির সিদুরের মতো
আলোর ঝলকানি; বললো–পারবি
তুই ঠিকই একদিন পারবি।











