এই বোশেখে
নতুন আলো নতুন দিনের ভোর,
এই বোশেখে নতুন করে দু’চোখ খোলে দোর।
এই বোশেখে
নতুন সকাল নতুন রোদের হাসি,
এই বোশেখে বাদ পুরাতন জীর্ণ জরা বাসি।
এই বোশেখে
নাগরদোলার গাঁয়–গঞ্জে মেলা,
এই বোশেখে গরুর লড়াই কুস্তি–বলি খেলা।
এই বোশেখে
ঢাকির কাঁধে তাক দুমা দুম তাক,
এই বোশেখে আধমরা ঠিক জীবন খুঁজে পাক।
এই বোশেখে
মহাজনের হালখাতা হয় খোলা,
এই বোশেখে লাগুক এসে জীবন জয়ের দোলা।









