এইচএসসির অবশিষ্ট পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

স্থগিতগুলোর সময়সূচি ঘোষণা যথাসময়ে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে আবার শুরু হচ্ছে। সেদিন থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তবে বন্যার কারণে যেসব পরীক্ষা স্থগিত হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে আলাদাভাবে ঘোষণা করা হবে।

গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত রাখতে হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় অবশিষ্ট পরীক্ষাগুলো পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী আরও জানান, বন্যার মধ্যে গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞানহিসাববিজ্ঞানযুক্তিবিদ্যা বিষয়ে যারা পরীক্ষা দিতে পারেনি তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের অসুবিধার বিষয় বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতে আগামী ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট পরীক্ষাগুলো বিদ্যমান সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে গত ৮ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রথমে স্থগিত করা হয়। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬ জুলাই পর্যন্ত সব পরীক্ষা বন্ধ রাখা হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানিয়েছেন, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি