নতুন একটি টমটম কেনার স্বপ্ন ছিল মো. কামালের। ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ৭০ হাজার টাকা। সঙ্গে জমানো ছিল আরও ৩০ হাজার। কিন্তু গত বৃহস্পতিবার রাতের এক আগুনে সেই এক লাখ টাকাসহ পুড়ে ছাই হয়ে গেছে তিন ভাইয়ের মাথা গোঁজার ঠাঁই। গতকাল শুক্রবার সকালে আগুনে পোড়া টাকার আধপোড়া অংশগুলো হাতে নিয়ে বিলাপ করছিলেন পেশায় টমটমচালক কামাল।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙারচর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কামাল ও তার দুই ভাই জামাল ও আবদুল শুক্কুরের বসতঘর পুড়ে গেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ সাইফুল ইসলামের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন কামালের ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধ্বংসস্তূপ থেকে পুড়ে যাওয়া টাকার কিছু অংশ সংগ্রহ করতে দেখা যায় কামালকে। ঋণের টাকা হারিয়ে তখন কান্নায় ভেঙে পড়েন তিনি। কামালের দাবি, বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ঘর ও আসবাবপত্রসহ অন্তত ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। কর্ণফুলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।












