ঋণখেলাপি-ব্যাংক ডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর

নির্বাচনী জনসভায় জামায়াত আমির

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ঋণখেলাপি ও ব্যাংক লুটেরাদের আশ্রয় দিয়ে দুর্নীতিবিরোধী রাজনীতির দাবি করাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, যাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ রয়েছে, তাদের মনোনয়ন দিয়ে আবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়। খবর বাংলানিউজের।

গতকাল রোববার রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রযুবসমাজ যে আন্দোলনে রাস্তায় নেমেছিল, সেটি ছিল ন্যায্য ও সাধারণ একটি দাবি। সংস্কার ও ন্যায়বিচারের দাবি।

৫ আগস্টকে ‘জাহিলিয়াত থেকে মুক্তির দিন’ উল্লেখ করে জামায়াত আমির বলেন, দুঃখজনকভাবে যারা দীর্ঘদিন মজলুম ছিল, তাদেরই একটি অংশ রাতারাতি জালিমে পরিণত হয়েছে। ৬ আগস্টের পর থেকেই চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য শুরু হয়েছে। এমনকি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ উঠছে। পুরোনো চাঁদাবাজের জায়গায় নতুন চাঁদাবাজ, পুরোনো দখলবাজের জায়গায় নতুন দখলবাজ, এই বাংলাদেশ আমরা চাইনি।

দুর্নীতির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ভালো কাজ শুরু হয় নিজের ঘর থেকে। ৫৯ জন ভয়াবহ দুর্নীতিবাজকে আশ্রয় দিয়ে আপনারা দুর্নীতি দমন করবেন, এ কথা শুনলে জনগণ হাসবে।

প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ন্যায়বিচারের বাংলাদেশে অপরাধী যেই হোক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা সাধারণ মানুষ, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। নারী নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ঘর, রাস্তা ও কর্মস্থল কোথাও নারীরা নিরাপদ নয়। নতুন বাংলাদেশে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নারী ও কন্যাশিশুর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের সময়কার ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আসার পথে ফুকেট উপকূলে ডুবল জাহাজ