রাঙ্গুনিয়া–৭ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের মানুষ আর রাজনৈতিক নেতা নামধারী লুটেরাদের ভোট দেবে না। ঋণখেলাপি, ডাকাত, সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। মোদি ও র এর দালাল–চোরদের বিরুদ্ধে রাঙ্গুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়ার উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়ার সন্তান সাবেক যুগ্মসচিব মো. নুরুল আবছার। উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেশের প্রবীণ রাজনীতিবিদ ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা অলি আহমদ বলেন, একটি দল নির্বাচনে ভোটারদের সাথে প্রতারণা শুরু করেছে। প্রতারণার ফাঁদ হিসেবে সিনেমার কার্ড বিতরণ করছে। এটি ফ্যামিলি কার্ড নয়, সিনেমার কার্ড বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আর কত জনগণের সাথে প্রতারণা করবেন? সরকার গঠন না করেই কার্ড বিতরণ মানেই জনগণকে বোকা বানানোর কৌশল। জনগণ বোকা নয়, জনগণ সবই বুঝে।
অলি আহমদ বলেন, জামায়াতে ইসলামী মার খায়, মাল খায় না। আর দেশের বড় দল বলে দাবিদার নেতারা মাল খায়, মার খায় না। মাল খাওয়া নেতারা আবারো সেজেগুজে বসে আছেন ক্ষমতায় গিয়ে মাল খাওয়ার জন্য। তিনি বলেন, দেশের মানুষ মাল খাওয়া নেতাদের চিনে রেখেছে। সুতরাং আপনাদের খাওয়া আর লুটপাট করার সুযোগ হবে না।
অলি আহমদ প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, দেশের মানবিক নেতা জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন, দেশের টাকা ও সম্পদ লুণ্ঠনকারীদের পেটের ভিতর হাত ঢুকিয়ে সব বের করে নিবেন। এরপরও ডাকাত, লুটেরার দল বিএনপি নেতাদের হুঁশ ফিরছে না। এটি অত্যন্ত বেদনাদায়ক। ফ্যাসিবাদ ও মোদিবাদের দালালি করে ক্ষমতার স্বাদ পাওয়া কোনোভাবেই এই স্বাধীন, সার্বভৌম দেশে সম্ভব হবে না। তিনি বলেন, রাঙ্গুনিয়ার মানুষ আর কত বছর ভাড়াটিয়াদের কাছে ক্ষমতার ভার দিবেন? ডা. এটিএম রেজাউল করিমের মত একজন যোগ্য মানুষকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করে ভাড়াটিয়াদের বিতাড়িত করতে হবে। রাঙ্গুনিয়ার মান–সম্মান উন্নত করতে ডা. এটিএম রেজাউল করিমকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করতে হবে।
ডা. এটিএম রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাঙ্গুনিয়ার সব মানুষের জন্য কাজ করব। দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন থাকব। রাঙ্গুনিয়াকে একটি সুশাসনের মডেল হিসেবে গড়ে তুলতেই আমার রাজনীতিতে আসা।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিটেন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, চাকসু ভিপি ইব্রাহীম রনি, অধ্যক্ষ আমিরুজ্জামান ও অধ্যক্ষ আ ম ম শামসুল আলম চৌধুরী। জামায়াত ইসলামী নেতা রাশেদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আহমদ কবির ও এনসিপি নেত্রী সুগুপ্তা বুশরা। প্রেস বিজ্ঞপ্তি।












