উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার : ভূমিমন্ত্রী মীর হেলাল

সন্দ্বীপ প্রতিনিধি | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:১৯ পূর্বাহ্ণ

সন্দ্বীপের মতো উপকূল রক্ষা ও উন্নয়নে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘আমরা সন্দ্বীপবাসী’ ও ‘হিউম্যান ২৪’ আয়োজিত ‘সন্দ্বীপের এপ্রিল ট্র্যাজেডি : উপকূল বাঁচাতে এখনই সিদ্ধান্ত’ শীর্ষক উপকূলীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রতিমন্ত্রী বলেন, সস্তা জনপ্রিয়তার জন্য কোনো অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে উপকূলীয় অঞ্চল নিয়ে সরকারের একটি বিস্তৃত পরিকল্পনা আছে। প্রকৃতি ও নদী ভাঙন থেকে মানুষকে সুরক্ষিত রাখতে একটি ‘সেফটি নেট’ তৈরির চেষ্টা চলছে। তিনি গুরুত্বারোপ করেন যে, সমস্যার মূলে গিয়ে সমাধান করতে হবে যাতে এর ফলাফল দীর্ঘস্থায়ী হয়।

সংলাপে প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় ব্যবস্থাপনায় ব্লক বা বাঁধ নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল কাজ। বিগত ১৭ বছরে দেশের সম্পদ পাচারের কারণে অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ রাখা হয়নি। এই পরিস্থিতিতে আপাতত উপকূলীয় অঞ্চলে নিবিড় বনায়ন কর্মসূচির ওপর জোর দেওয়া হচ্ছে। সন্দ্বীপের কোন ইউনিয়নে কী পরিমাণ ও কী ধরনের গাছ লাগানো হবে, তার একটি পরিষ্কার পরিকল্পনা ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। এর ফলাফল আগামী একদেড় বছরের মধ্যেই পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের নৌযোগাযোগের দুর্ভোগ লাঘবে নৌ ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সমন্বয় করে দ্রুত সন্দ্বীপ সফরের ঘোষণা দেন মীর হেলাল। অনুষ্ঠানে সন্দ্বীপের নাগরিকরা নদীভাঙন, নৌযায়াত, ভূমির অধিকার ও শিক্ষা চিকিৎসার অর্পযাপ্ততার কথা তুলে ধরেন। এসময় প্রতিমন্ত্রী নৌপরিবহন প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয়ে কল করে অবহিত করেন। এছাড়া সন্দ্বীপের ইউএনওকে কল করে সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আমরা সন্দ্বীপবাসীর সহ সমন্বয়ক ফোরকান উদ্দিন রিজভীর সঞ্চালনায় এবং চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দীন শিকদার এবং সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের। সংলাপে বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইপসার হেড অব এডভোকেসি মোহাম্মদ আলী শাহীন, সিপিআরডির প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, বাপা’র যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক শোয়াইব উদ্দিন হায়দার, অনলাইনে ভিডিও বার্তা পাঠান লেখক ও দূযোর্গ বিশেষজ্ঞ গওহর নাইম ওয়ারা।

উদ্বোধনী বক্তব্য রাখেন উপকূল ও দ্বীপ উন্নয়ন বোর্ড বাস্তবায়ন পরিষদের মূখ্য সমন্বয়কারী আমিনুর রসুল।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা