উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইট উদযাপন নয় ইনডোরেও লাগবে অনুমতি : সিএমপি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ঘটনাবহুল ২০২০ সালকে বিদায় ও নতুন বছরকে বরণে প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম। তবে করোনার কারণে বছর জুড়ে অন্যান্য অনুষ্ঠানের মতো উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইট উদযাপনেও নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির নগর বিশেষ শাখার উপ কমিশনার মো. আব্দুল ওয়ারিশ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইনডোরে হয়তো কিছু অনুষ্ঠান হবে, তবে সেজন্যও সিএমপির অনুমতি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সেগুলো করতে হবে। তিনি বলেন, বছরের শুরুর দিকে করোনার ভয়াল ধাক্কাটা আমরা সামাল দিতে পেরেছি নগরবাসীর সহায়তায়। আমরা চাইছি, করোনার দ্বিতীয় ধাক্কাটাও যেন একইভাবে সামাল দিতে পারি।
ককটেল পার্টি, ফ্যাশন শো, ডিস্কো-ডিজে পার্টি, কনসার্ট-কিছুই হবে না এবার থার্টি ফার্স্ট নাইটে। কেউ যাতে উচ্ছৃঙ্খল হয়ে উঠতে না পারে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। নগর জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে সিএমপির উপ কমিশনার (নগর বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ আরো জানান, মোড়ে মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। সারপ্রাইজিং চেকপোস্ট, ব্লক রেইড চলবে। আনন্দের নামে যে কোন ধরনের উচ্ছৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে। সাদা পোশাকে গোয়েন্দা কর্মকর্তারা সক্রিয় থাকবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা প্রয়োজনে ভিডিও দৃশ্য ধারণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থীরা কে কত ভোট পেলেন
পরবর্তী নিবন্ধফেলনা মাছে নতুন সম্ভাবনা