চট্টগ্রাম–৮ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ উন্নয়ন বেগবান এবং গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেছেন, তিনি পলোগ্রাউন্ডের সমাবেশে চট্টগ্রামের উন্নয়নে রূপরেখা ঘোষণা করেছেন। ইনশাআল্লাহ জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে রূপরেখা বাস্তবায়ন করবেন।
এরশাদ উল্লাহ বোয়ালখালীকে উপশহর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়ে বলেন, নির্বাচিত হলে আমার প্রথম ও প্রধান কাজ হবে বোয়ালখালীবাসীর দুঃখ কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করা। এই সেতু নির্মিত হলে ছোট, মাঝারি বড় শিল্প গড়ে উঠবে। ব্যবসা–বাণিজ্যের প্রসার হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়া নদী ভাঙনরোধে প্রকল্প গ্রহণ, বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, ফুলতলা থেকে কানুনগোপাড়া পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ, নতুন প্রজন্মকে খেলাধুলায় আসক্ত করতে স্টেডিয়াম নির্মাণ, করলডেঙ্গা পাহাড়ে আইটি পার্কসহ বিনোদন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দেন।
গতকাল রোববার বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের নুরুল হকের টেক, বাদামতল, গোরস্থানের টেক, ইশ্বর ভট্টের বাজার, বিদগ্রাম, ঝাউতলা লালার বাড়ীতে পৃথক পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো. শওকত আলম, মেহেদী হাসান সুজন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জাকির হোসেন, বিএনপি নেতা এস এম সেলিম, মো. আলাউদ্দিন, কৃষকদল নেতা এস এম সাইফুদ্দিন, ডা. মহসিন খান তরুন, শহীদুল্লাহ চৌধুরী, নুরুল করিম নুরু, মো. আকতার, স্বপন শীল, রুবেল দাশ, আশীষ বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












