উন্নয়নের পথে সন্দ্বীপে এবার একটি সেতু হোক

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

সন্দ্বীপ শুধু একটা দ্বীপ নয়, এটা আমাদের পরিচয়, এটা আমাদের গর্ব। চারপাশে মেঘনা আর সাগরের জল, মাঝখানে সবুজ মাঠ, সহজসরল মানুষ আর শত বছরের ইতিহাসসব মিলিয়ে এক অন্যরকম ভালোবাসার জায়গা।

সন্দ্বীপের মানুষের প্রধান দুরবস্থার কারণ হচ্ছে নৌ চলাচলের সমস্যা। সন্দ্বীপ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, এটা লাখো মানুষের বসবাসের জায়গা। ঝড়জলোচ্ছ্বাস এসেছে, ভাঙন এসেছে, তবুও সন্দ্বীপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী সবাই জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে যাতায়াত করে। আবহাওয়া খারাপ হলেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। এভাবে একটি জনপদ চলতে পারে না। আমরা উন্নয়নের কথা বলি, স্মার্ট বাংলাদেশের কথা বলি, তাহলে সন্দ্বীপ কেন এখনো স্থায়ী যোগাযোগ থেকে বঞ্চিত? চট্টগ্রাম থেকে সন্দ্বীপের দূরত্ব খুব বেশি নয়, কিন্তু একটি সেতুর অভাবে এই দূরত্ব যেন বহু গুণ বেড়ে যায়। বাংলাদেশ পারে তার প্রমাণ পদ্মা সেতু।

তাই সন্দ্বীপবাসীর প্রাণের দাবি স্থায়ী সমাধান চাই, সেতু চাই। এটা শুধু একটি অবকাঠামো নয়, এটা আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ। সর্বোপরি, সন্দ্বীপের শিক্ষা, চিকিৎসা এবং অর্থনীতি উন্নয়নের জন্য সেতু একান্ত প্রয়োজন।

 

সানজিদা আফরিন মেঘলা

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধইতিহাস ও ঐতিহ্যে বাংলাদেশ