উত্তর জেলা যুবদলের পাঁচ ইউনিট কমিটি অনুমোদন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন পাঁচটি ইউনিট কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। গতকাল বৃহস্পতিবার এ অনুমোদন দেয়া হয়। অনুমোদিত ইউনিটগুলো হচ্ছে মীরসরাই উপজেলা, মীরসরাই পৌরসভা, জোরারগঞ্জ থানা, বারইয়ারহাট পৌর সভা এবং সন্দ্বীপ পৌরসভা। এছাড়া সন্দ্বীপ উপজেলা শাখা অনুমোদন দেয়ার কিছুক্ষণের মধ্যে স্থগিত করা হয়। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন, অনুমোদিত ইউনিটের নেতৃবৃন্দ আগামী ৩০ দিনের মধ্যে কর্মীসভার মাধ্যমে তাদের আওতাভুক্ত সকল ইউনিট গঠন করবেন। অনুমোদিত ইউনিটগুলোর মধ্যে মীরসরাই উপজেলায় কামাল উদ্দিনকে আহ্বায়ক, নিজাম উদ্দিন চৌধুরী লিটনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মনোয়ার হোসেন শাওনকে সদস্য সচিব করা হয়। মীরসরাই পৌরসভায় কামরুল হাসানকে আহ্বায়ক ও মো. বোরহান উদ্দিন সবুজকে সদস্য সচিব করা হয়। জোরারগঞ্জ থানায় সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও লায়ন দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়।

বারইয়ারহাট পৌর সভায় নুরুল আফসার মিয়াজীকে আহ্বায়ক, জিয়াউদ্দিন বাবলু মিয়াজীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব করা হয় ফয়েজ উদ্দিনকে। সন্দ্বীপ পৌরসভায় মো. নাসির উদ্দিনকে আহ্বায়ক, নুরুল আফসারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব করা হয় মনিরুল ইসলাম মাহীকে। জানা গেছে, গতকাল যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক টিমের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদল সভাপতি সাইফুল আলম নীরব। সভায় সন্দ্বীপ উপজেলাসহ প্রস্তাবিত ছয়টি কমিটি অনুমোদন দেয়া হয়। তবে কিছুক্ষণ পর কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সন্দ্বীপ উপজেলা ইউনিট স্থগিত করা হয় বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বাসের ধাক্কায় শিশু নিহত
পরবর্তী নিবন্ধমনিটরিংয়ের দায়িত্বে আট বিচারপতি