ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামসংকীর্ত্তনের অংশ হিসেবে উত্তর কাট্টলীতে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে হিন্দু, মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীসহ মোট ৬৩০ জন মানুষ চক্ষু ও সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। গতকাল সোমবার দিনব্যাপী সেবাখোলা ও বৈকুন্ঠধাম উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে উত্তর কাট্টলী সেবাখোলা মন্দির প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবায় সহযোগিতা করে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট।
অনুষ্ঠানে অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে। তিনি বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সমপ্রীতি ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা। তিনি আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শামসুল আলম । তিনি বলেন, মানুষের কল্যাণে ধর্মীয় সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাসেবা মানুষের মৌলিক চাহিদা। এ ধরনের চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য বড় সহায়তা। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ডিপুটি ডেরেক্টর ডা. শাবানা সুলতানা, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুক্তা চৌধুরী, পরিষদের উপদেষ্টা সুবোধ রঞ্জনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সেবাখোলা ও বৈকুন্ঠধামের আহ্বায়ক সলিল সেন। বক্তব্য রাখেন এন্টন দাশ, ইকবাল,জুয়েল শীল, বিরাজ মণি আচার্য্য, আশীষ দাশ প্রমুখ। শেষে আয়োজকদের পক্ষ থেকে আগত অতিথি, চিকিৎসক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











