উত্তর কাট্টলী ক্যাচমেন্টে ১১৪ কোটি টাকায় পরামর্শক নিয়োগ

চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প মূল ব্যয় নির্ধারণ ২,৭৯৭ কোটি টাকা তিন লক্ষ মানুষ উন্নত স্যানিটেশন সুবিধা পাবে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ মে, ২০২৬ at ৯:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের ‘উত্তর কাট্টলী ক্যাচমেন্ট৫’ এর কারিগরি পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৫০৮ টাকা। চট্টগ্রাম ওয়াসা নগরীতে ৬টি ক্যাচমেন্টের মাধ্যমে স্যুয়ারেজ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ৬টি ক্যাচমেন্টের মধ্যে দুটি ক্যাচমেন্ট ছাড়া (ক্যাচমেন্ট ৩ ও ৬) অবশিষ্ট ৪টি ক্যাচমেন্ট একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে ক্যাচমেন্ট৫ বাস্তবায়িত হতে যাচ্ছে মহানগরীর উত্তর কাট্টলী এলাকায়। নগরীর উত্তর কাট্টলী এলাকায় আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ওয়াসার ‘উত্তর কাট্টলী ক্যাচমেন্ট৫ স্যানিটেশন প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। এর ব্যয় নির্ধারণ করা হয় ২ হাজার ৭৯৭ কোটি টাকা। আর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চলমান এই প্রকল্পের (উত্তর কাট্টলী ক্যাচমেন্ট৫ স্যানিটেশন প্রকল্প) কারিগরি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট৫ এলাকায় আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পে ১১৪ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৫০৮ টাকায় কারিগরি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবটি উপস্থাপন করলে কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয়। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে চট্টগ্রাম ওয়াসা।

পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান কাজের মধ্যে রয়েছে পয়োনিষ্কাশন নেটওয়ার্ক এবং অনসাইট স্যানিটেশন ব্যবস্থার নকশা প্রণয়ন, দরপত্র দলিল প্রস্তুত, ঠিকাদার নিয়োগে চট্টগ্রাম ওয়াসাকে সহায়তা, নির্মাণ কাজ তদারকি, পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন এবং চট্টগ্রাম ওয়াসার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।

প্রস্তাব অনুযায়ী, ‘চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট৫ স্যানিটেশন’ প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য চারটি প্রতিষ্ঠান থেকে দরপত্র আহ্বান করা হলে দুটি প্রতিষ্ঠান কারিগরি প্রস্তাব জমা দেয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠান কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

পরবর্তীতে প্রকল্প মূল্যায়ন কমিটির মাধ্যমে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে আলোচনার ভিত্তিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়। এতে রয়েছে ফ্রান্সের সেফাজ (এসইউইজেড পরামর্শ) ও স্যুরেকা এবং বাংলাদেশের ডেভকনসাল্টস লিমিটেড, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং ভিশনারি কনসোর্টিয়াম লিমিটেড।

এদিকে, বৈঠকে স্থানীয় সরকার বিভাগের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের জন্য একটি ফার্মকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ২৪০ জন সহায়ক (সাপোর্ট স্টাফ) নিয়োগের জন্য আউটসোর্সিং ফার্ম নিয়োগ দেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে মোট ৭টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। প্রাথমিক যাচাইবাছাই শেষে এর মধ্যে ৩টি প্রতিষ্ঠান কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) সব ধাপের মূল্যায়ন সম্পন্ন করার পর সর্বনিম্ন দরদাতা হিসেবে মাসরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে নির্বাচনের সুপারিশ করে। প্রতিষ্ঠানটিকে মোট ২৮ কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৬৬ টাকায় আউটসোর্সিং ফার্ম হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন করেছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার উত্তর কাট্টলী ক্যাচমেন্ট৫ স্যানিটেশন প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম শহরের উত্তর কাট্টলী এলাকার প্রায় তিন লক্ষ জনগণকে উন্নত স্যানিটেশন সেবার আওতায় আনা। ৬টি ক্যাচমেন্টের মাধ্যমে চট্টগ্রাম শহরকে পর্যায়ক্রমে একটি পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে স্যুয়ারেজ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসার উত্তর কাট্টলী ক্যাচমেন্ট৫ স্যানিটেশন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ করতে হবে না। ভূমি আগেই অধিগ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের দিন
পরবর্তী নিবন্ধহালদায় মা মাছ নমুনা ডিম ছেড়েছে