উখিয়ায় স্কুল ছাত্রীর ফাঁস লাগানো মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

উখিয়ায় গতকাল মঙ্গলবার সকালে রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি আদর্শ গ্রাম এলাকায় শারমিন নামে এক স্কুলছাত্রীর গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শারমীনের স্বজন ও এলাকাবাসীর মতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। নিহত শারমীন উখিয়া টিএন্ডটি এলাকার আব্দু রহিমের মেয়ে। সে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের মামা মোহাম্মদ ইসমাইল বলেন, সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে শারমিন আমাদের (নানা) বাড়িতে বেশ কিছুদিন ছিল। গত সোমবার সে নানার বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরে যায়। এর আগেও তার সৎ মায়ের নির্যাতনের ঘটনা এলাকাবাসী অবগত আছেন। স্থানীয় অনেকে একই কথা বলেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এ মুহুর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আসল ঘটনা জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধআলো আর ছায়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের আবর্জনা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চায় চীনা প্রতিষ্ঠান