উখিয়ায় মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজারে উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়েছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল হাকিম (১৫) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্থানীয়দের বরাতে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্দুল হাকিম নাফ নদীতে মাছ আহরণ করে তীরে উঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সে গুরুতর আহত হয়। বিস্ফোরণের ঘটনায় তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। বিজিবির কর্মকর্তা জহিরুল জানান, ঘটনার পর স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

পূর্ববর্তী নিবন্ধরিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বাড়ানোর আবেদন বাড়ছেই
পরবর্তী নিবন্ধকন্টেন্ট নির্মাতা ফাহিমকে আটকে পুলিশে দেওয়া হলো