উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের পর মারধরের আঘাতে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাত তিনটার দিকে সেহেরি খেতে ওঠেন ওই গৃহবধূ। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণের পাশাপাশি তাকে মারধরও করা হয়। আক্রান্ত গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীদের সামনেই মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

গৃহবধূর স্বামী প্রবাসী। তার বড় ভাই বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে তার ভাইয়ের স্ত্রীকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার মাথায় আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি নুর আহমদ বলেন, নির্জন এলাকায় ওই ঘরে ভোররাতে সেহেরি খেতে উঠেছিলেন ওই গৃহবধূ। দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদনে গৃহবধূর শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

ওসি নুর আহমদ বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে গৃহবধূর পরিবারের সঙ্গে প্রতিবেশীদের মামলা রয়েছে। বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড কিনা, তার অনুসন্ধান চলছে।

পূর্ববর্তী নিবন্ধমুরগি মাংস-কলিজায় শিঙাড়া, ইফতার থেকে গভীর রাত পর্যন্ত বিক্রি
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসকের হস্তক্ষেপে প্রতিবন্ধী দম্পতির স্বপ্নপূরণ