উখিয়ায় খালে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে রেজুরকুল এলাকার রেজুখাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি নুর আহমদ। নিহত স্কুলছাত্র কৌশিক বড়ুয়া বাঁধন (১৩) ওই এলাকার পতন বড়ুয়ার ছেলে। খবর বিডিনিউজের।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাঁধন তার এক বন্ধুর সঙ্গে রেজুখালের মোহনায় একটি গাছ থেকে বরই পাড়তে গিয়েছিল। পরে কোনো একসময় সে খালে পড়ে যায় বলে ওই বন্ধু দাবি করেছে। নিখোঁজ হওয়ার পর তার বাবা পতন বড়ুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেটির খোঁজ করা হচ্ছিল। ওসি নুর আহমদ বলেন, ছেলেটির বন্ধুর ভাষ্যমতে, কথিত ‘অদৃশ্য শক্তি’ ডাকার কথা শুনে বাঁধন খালে পড়ে যায়। তিনি আরও বলেন, রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন খাল সংলগ্ন এলাকায় জড়ো হয়ে নিখোঁজ কিশোরকে খোঁজাখুঁজি চালায়। গতকাল শুক্রবার সকালে খালের পানিতে মরদেহ ভাসতে দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে নিহতের বন্ধুসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে – বলেন তিনি।












