ঈদ ইত্যাদিতে অর্ধশতাধিক বিদেশির নাচ-গান-অভিনয়

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৪৭ পূর্বাহ্ণ

ঈদের বিশেষ আয়োজন মানেই দর্শকদের বাড়তি আগ্রহ আর সেই তালিকায় সব সময়ই বিশেষ জায়গা দখল করে আছে ইত্যাদির বিদেশি পর্ব। প্রায় তিন দশক ধরে বিদেশি নাগরিকদের অংশগ্রহণে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও সামাজিক বাস্তবতা তুলে ধরে আসছেন অনুষ্ঠানের রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত। এই বিশেষ পর্বের লক্ষ্য শুধু বিনোদন নয়, আনন্দের পাশাপাশি বিদেশিদের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য। বাংলা ভাষায় গ্রামের সহজসরল মানুষের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয় লোকজ জীবন, কুসংস্কার, সামাজিক অসঙ্গতি, গ্রামীণ খেলাধুলা এবং সমকালীন নানা সমস্যা। পর্বটির শেষ হয় একটি শিক্ষামূলক বার্তার মাধ্যমে। অনেকেই ভাবেন এত বিদেশিকে নিয়ে কিভাবে সম্ভব হয় নাচ, গান ও অভিনয়? দীর্ঘদিন ধরে এই কঠিন কাজটি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করে আসছেন হানিফ সংকেত। ঢাকায় বসবাসরত বিদেশিদের কাছেও ইত্যাদি একটি পরিচিত ও প্রিয় নাম। এমনকি যারা দেশে ফিরে যান, তারাও বন্ধু বা সহকর্মীদের এই অভিজ্ঞতায় যুক্ত হতে উৎসাহিত করেন। এবারের পর্বে অংশ নিয়েছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকরা।

এদের অনেকেই বাংলাদেশে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত। সব মিলিয়ে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত বিদেশি। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়। আশাকরি প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে, ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধ‘ইমরান-শো : বকুল ও চন্দনে, গানের বন্ধনে’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.৪৪ কোটি টাকা