এবারের ঈদের ইত্যাদিতে ‘বুঝি নাই তো আগে’ শিরোনামের একটি ব্যতিক্রমধর্মী গান শোনাবেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানটির কথা লিখেছেন নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গানটি দর্শকদের ভালো লাগবে। বিশেষ করে তরুণদের পছন্দ হবে। ঈদের বিশেষ ইত্যাদিতে গানটির দৃশ্যধারণের সময় মঞ্চে হাবিব ও তার দলের পরিবেশনায়, দর্শকদের অংশগ্রহণে গানটি বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। আশা করা যাচ্ছে ইত্যাদির মাধ্যমে হাবিবের আরও একটি জনপ্রিয় গান পেতে যাচ্ছেন দর্শক–শ্রোতারা।
গত বছরের ঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান দ্বৈতকণ্ঠে ‘ভালোবাইসা সবই ফেরত দিবো তোমারে’ শিরোনামের একটি গান গেয়েছিলেন। গানটি সেসময় প্রশংসিত হয়েছিল। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ইত্যাদির বিশেষ এই পর্ব।












