ঈদে সীতাকুণ্ড অংশে যানজটের আশঙ্কা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। রমজানের শুরু থেকেই থেমে থেমে যানজটের প্রবণতা থাকলেও ঈদের ছুটি ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন যাত্রী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা ও স্থানীয়রা।

গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ডের একাধিক পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কোথাও ধীরগতি, কোথাও আবার সম্পূর্ণ থেমে থাকা অবস্থায় যান চলাচল করতে দেখা গেছে। সড়কের বিভিন্ন অংশে অনিয়মিত পার্কিং ও অতিরিক্ত যানচাপের কারণে ভোগান্তি বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ সিটি গেট থেকে ফৌজদারহাট পোর্ট কানেক্টিং রোড, ভাটিয়ারী, মাদামবিবিরহাট, কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেট, বাঁশবাড়িয়া ও বড়দারোগার হাট এলাকায় সড়কের পাশে যত্রতত্র লরি ও কাভার্ডভ্যান পার্কিং করা হচ্ছে। পাশাপাশি সড়কের ধারে অবস্থিত বিভিন্ন গাড়ি ডিপোতে যানবাহন প্রবেশ ও বের হওয়ার সময় মূল সড়কে ধীরগতি তৈরি হচ্ছে। এতে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও বন্দরগামী পণ্যবাহী যানবাহন দীর্ঘ সময় আটকে থাকছে।

মহাসড়ক ব্যবহারকারী কয়েকজন যাত্রী জানান, রমজানের শুরু থেকেই বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত যানজট বাড়ছে। দীর্ঘক্ষণ আটকে থাকায় চালকেরা অনেক সময় ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করেন, যা রাতে পরিস্থিতি আরও জটিল করে তোলে। স্থানীয় সূত্র জানায়, পণ্যবাহী কোনো যানবাহন বিকল হয়ে পড়লে যানজট কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।

এ বিষয়ে বাংলাদেশ হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য জটপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

চট্টগ্রাম অঞ্চলের হাইওয়ে পুলিশের টিআই (প্রশাসন) মো. রফিকুল ইসলাম মজুমদার বলেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বৃদ্ধি স্বাভাবিক। তবে নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে বাড়তি জনবল ও নজরদারি জোরদার করা হচ্ছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধনয় দশক ধরে টিকে আছে ‘চাক সেমাই’
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় টেক্সি চালকের ওপর হামলার অভিযোগে ২ ঘণ্টা সড়ক অবরোধ