ঈদে রাব্বিকীনের কথায় আসিফ আকবরের ‘ভুল’

| শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

 

দীর্ঘদিন পর নতুন গানে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তাও আবার অডিও ক্যারিয়ার যেখান থেকে শুরু সেই সাউন্ডটেক থেকেই ঈদে নতুন গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘ভুল’। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটির কথা অনেকটা এরকমভাবিনি কখনও আসবে দিন/ থাকবো আমি তোমায় ছাড়া/ দুটি পথ হায় দুদিকে যাবে/ হয়ে যাবো ছন্নছাড়া। খবর বাংলানিউজের।

এ গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর রেকর্ডিংয়ে ফিরেছেন এ তারকা। ঈদে সাউন্ডটেকের ব্যানারে গানটি প্রকাশ হবে মিউজিক ভিডিওসহ। ভিডিও নির্দেশনা দিচ্ছেন সৈকত রেজা। আসিফ আকবর বলেন, ‘ভুল’ শিরোনামের গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর নতুন গানের ফিরলাম। গানটির কথাসুরসংগীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো।

ইচ্ছে ছিলো মনের মতো কথামালা দিয়ে একটি গান করার। সেটা করতে পেরেছি। আসিফ ভাই নিজেও গানটি নিয়ে যথেষ্ট খুশী। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। জানা গেছে, ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে আসিফ আকবরের ‘ভুল’।

সাউন্ডটেকের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বাবুল বলেন, আসিফের সঙ্গে সব সময়ই সাউন্ডটেকের অন্যরকম সম্পর্ক রয়েছে। সেই শুরু থেকে তার অনেক অনেক গান আমরা প্রকাশ করেছি, তুমুল জনপ্রিয় হয়েছে। রেকর্ডসংখ্যক ক্যাসেট বিক্রি হয়েছে। এখন সময় বদলেছে। আসিফের গান আমরা নিয়মিত করার চেষ্টা করি। তবে এবারের গানটি অনেকদিন পর আসছে সাউন্ডটেক থেকে। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ও রেলওয়ে রেঞ্জার্সের জয়লাভ
পরবর্তী নিবন্ধঈদে মনের মানুষ নিয়ে আসছেন হাসান জাহাঙ্গীর