ঈদে নতুন পরিচয়ে বুবলী

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

 

এবারের ঈদে নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। তা হল গায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে। ঈদের বিশেষ ইত্যাদির একটি গানে কণ্ঠ দিয়েছেন বুবলী। সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে গানটি গেয়েছেন বুবলী। এটিই বুবলীর গাওয়া প্রথম গান। খবর বিডিনিউজের।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির দৃশ্যধারণ করা হয়। ইত্যাদি নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বেশ কয়েক বছর ধরেই সংগীত শিল্পী নন এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শকশ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন। এর আগে অভিনেত্রী তাসনিয়া ফারিণ গেয়েছিলেন গায়ক তাহসান খানের সঙ্গে। এছাড়াও অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও ‘তুমি আমায় ভালোবাসো’ শিরোনামের গান নিয়ে ইত্যাদিতে হাজির হয়েছিলেন। এর আগে ইত্যাদিতে এমনভাবে গান নিয়ে হাজির হয়েছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, ইয়াসমিন তাজরীন জাহান তারিন, অপি করিমসহ আরও অনেকে। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ ‘ইত্যাদি’।

পূর্ববর্তী নিবন্ধউজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের
পরবর্তী নিবন্ধমদের মামলায় খালাস পেলেন আসিফ আকবর