আসছে রোজার ঈদ ঘিরে টেলিভিশনের পর্দায় প্রিমিয়ার হতে যাচ্ছে ছয়টি সিনেমার। যেগুলো মুক্তি পেয়েছে গেল বছরের বিভিন্ন সময়ে। সেগুলো হলো ‘অন্তরাত্মা’, ‘ইনসাফ’, ‘প্রিয় মালতী’, ‘জ্বীন ৩’, ‘মন যে বোঝে না’ ও ‘দাগি’। ছয়টিরই প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ে।
বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সকাল সোয়া ১০টায় এই সিনেমাগুরো প্রচারের সময় ঠিক করা হয়েছে। ঈদের দিন প্রচার হবে শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমা। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমাটি গত বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছিল। এতে আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীসহ অনেকে। খবর বিডিনিউজের।
ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘দাগি’। গেল বছর রোজার ঈদে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। আফরান নিশো ও তমা মির্জা জুটির দ্বিতীয় সিনেমা এটি; নির্মাণ করেছেন শিহাব শাহীন। মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প দেখিয়েছে ‘দাগি’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।
মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন। সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘প্রিয় মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন এই তরুণী। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় কেটে যায় জীবনের তাল–ছন্দ। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরীসহ অনেকে। সিনেমাটি মুক্তি পায় ২০২৪ সালের নভেম্বরে।
চতুর্থ দিন প্রচার হবে গেল বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ সিনেমায় ‘ইউসুফ’ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ইউসুফকে নিয়ে সবাই যখন আতঙ্কে, তখন মাঠে নামে পুলিশ কর্মকর্তা জাহান খান। এই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ইউসুফকে খুঁজে বের করা, তারপর দুজনের প্রেম, বিয়ে এবং অতীত অপরাধের গল্প দেখিয়েছে সিনেমাটি। এই সিনেমায় আরো অভিনয় করেছেন মোশাররফ করিম, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, ‘ক্যামিও’ চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটির দ্বিতীয় পর্ব নির্মাণের ঘোষণাও দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
গেল নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘মন যে বোঝে না’ সিনেমার টিভি প্রিমিয়ার হবে ঈদের পঞ্চম দিন। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তমা মির্জা। ২০১৩ সালে শ্রীলঙ্কায় শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। তখন নাম ছিল ‘লাভলি : মন বোঝে না’। নানা জটিলতা পেরিয়ে এক যুগ পর আলোর মুখ দেখে সিনেমাটি। শাহাদাৎ হোসেন লিটন এই সিনেমার পরিচালনা শুরু করলেও শেষ করেন আয়েশা সিদ্দিকা। ঈদের ষষ্ঠ দিনে দেখা যাবে ‘জ্বীন ৩’। নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। ‘জ্বীন’ নামে আগে দুটি সিনেমা প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এটি এই সিরিজের তৃতীয় সিনেমা। এই সিনেমা দিয়ে প্রায় সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ায় ফিরেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন আবদুন নূর সজল।
ময়মনসিংহের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘জ্বীন ৩’। ভৌতিক ঘরানার সিনেমা হলেও এতে উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের গল্প। ‘জ্বীন ৩’ সিনেমায় আরো অভিনয় করেছেন তানিয়া আহমেদ, নাদের চৌধুরী।












