ঈদে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় ঘরমুখো যাত্রীদের নিরাপদে পৌঁছে দেয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চট্টগ্রাম অঞ্চল। বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঈদের এক সপ্তাহ আগে থেকে দেশের দূরবর্তী জেলাগুলোতে ঈদের যাত্রী পরিবহন শুরু হবে। যা ঈদের আগের দিন পর্যন্ত চলবে।
বিআরটিসির চট্টগ্রাম বাস ডিপোর ম্যানেজার জানান, ঈদের এক সপ্তাহ আগে থেকে রংপুর, ভোলা, রবিশাল, সিলেট, ব্রাক্ষণবাড়ীয়া, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় বিআরটিসি বাসে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পরিবহন করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বাসগুলোর মেরামতের কাজ শেষ করে ঈদযাত্রায় নির্বিঘ্নে যাত্রী পরিবহনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এদিকে ঈদে আন্তঃজেলার পাশাপাশি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, রাঙামাটি এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়ও নিয়মিত বাসগুলো চলবে। বিআরটিসি চট্টগ্রাম ডিপো সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রতিদিন ৬৭টি যাত্রীবাহী বাস বিভিন্ন জেলা ও উপজেলায় চলাচল করছে। চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জেলা ও উপজেলায় বিআরটিসির এসি বাসের সীমাহীন চাহিদা রয়েছে বলে জানান বিআরটিসি চট্টগ্রামের ডিপো ম্যানেজার। ঈদের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী দ্বিতল বাসগুলো ব্রাক্ষণবাড়ীয়া ও নোয়াখালী রুটে চলবে। বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপো সূত্রে জানা গেছে, আগে চট্টগ্রামে বিআরটিসির একতলা এবং দ্বিতল মিলে ৭৭টি বাস চলতো। বর্তমানে ১০ বাসের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার কারণে ডিপোতে মেরামত অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম নগরীর মধ্যে বিআরটিসিবির ৩২টি বাস চলে। এরমধ্যে দ্বিতল বাসের সংখ্যা ১২টি। মহানগরীর ৩২টি বাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে ৬টি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২টি, স্মার্ট স্কুল বাস ১২টি, ছাদ খোলা বাস ২টি। নগরীর বাইরে চট্টগ্রাম থেকে নতুন ব্রিজ হয়ে পটিয়া রুটে চলে ১০টি বাস, আনোয়ারা রুটে চলে ৪টি বাস। চট্টগ্রাম থেকে জেলা পর্যায়ে চলে ঢাকা রুটে ২টি, চট্টগ্রাম–কুমিল্লা রুটে চলে ১টি, চট্টগ্রাম–রাঙামাটি রুটে চলে ৪টি বাস, চট্টগ্রাম–খাগড়াছড়ি রুটে চলে ৪টি বাস। চট্টগ্রাম থেকে সিলেট রুটে চলে ২টি, চট্টগ্রাম থেকে সিলেট হয়ে সুনামগঞ্জ রুটে চলে ২টি বাস। এই ৬৭টি যাত্রীবাহী বাস থেকে প্রতিমাসে বিআরটিসির রাজস্ব আয় হয়ে থাকে ১ কোটি ৪৭ লাখ টাকা।












