ঈদের লম্বা ছুটিতে পণ্য ও জ্বালানি সরবরাহ চেইন ঠিক রাখার উদ্যোগ

হাসান আকবর | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ৯:৩৭ পূর্বাহ্ণ

ঈদকে সামনে রেখে লম্বা ছুটির ফাঁদে পড়া দেশের জ্বালানিসহ সরবরাহ চেইন ঠিক রাখার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং চট্টগ্রাম বন্দর সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিপিসি এবং চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম কেবলমাত্র ঈদের দিন আট ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। তবে বন্দরে জাহাজ ভিড়ানো ও বাইরে নেয়ার কার্যক্রম জোয়ার ভাটা নির্ভর হওয়ায় ঈদের দিনও অব্যাহত থাকবে।

ঈদের ছুটিতে দেশের প্রয়োজনীয় জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার স্থিতিশীল রাখা এবং সাপ্লাই চেইনে যে কোনো ধরনের বিলম্ব রোধে জরুরি কর্মপরিকল্পনা ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, দেশব্যাপী পণ্য সরবরাহ নেটওয়ার্ক যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সে জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে দেশব্যাপী সরকারি ছুটি শুরু হলেও চট্টগ্রাম বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। কেবলমাত্র ঈদের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। তবে এর মধ্যে জাহাজ মুভমেন্ট অব্যাহত রাখা হবে। চট্টগ্রাম কাস্টমসের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল দৈনিক আজাদীকে জানান, দেশব্যাপী পণ্য সরবরাহ ঠিকঠাক রাখতে চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রমও অব্যাহত থাকবে। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। পুরো কাস্টমস কার্যক্রম চালু না রাখা হলেও পণ্য ডেলিভারি সংশ্লিষ্ট ডেক্সগুলো চালু থাকবে। অর্থাৎ ঈদের ছুটিতেও কেউ পণ্য ডেলিভারি নিতে চাইলে তাকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।

ঈদের ছুটিতে দেশের জ্বালানি তেল সেক্টরে সব ধরনের অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখা হবে। মধ্যপ্রাচ্যের বিরাজমান অস্থিরতার মাঝে দেশের জ্বালানি সেক্টরে সাপ্লাই চেইন যাতে বিঘ্নিত না হয় সে জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিটি ডিপো থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল সরবরাহ দেয়া হবে। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার কথা উল্লেখ করে বিপিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে আমাদের জ্বালানি তেল নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও তা কেটে গেছে। আমরা বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করছি। ইতোমধ্যে সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া থেকে বেশ কয়েক চালান জ্বালানি তেল দেশে পৌঁছেছে। গতকাল প্যাসিফিক ইন্ডিগো নামের একটি জাহাজ ৩০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে। এই জাহাজটি আগামী ২৪ মার্চ আসার কথা থাকলেও সিডিউল পরিবর্তন করে এগিয়ে আনা হয়েছে। একইসাথে গতকাল ভারত থেকে আরো পাঁচ হাজার টন ডিজেলের দ্বিতীয় চালানটি দেশে পৌঁছেছে। ভারতের শিলিগুড়ি থেকে পাইপলাইনে দেশের পার্বতীপুর ডিপোতে তেলগুলো পৌঁছেছে।

বিপিসির পদস্থ একজন কর্মকর্তা গতকাল দৈনিক আজাদীকে জানান, দেশের বিদ্যমান মজুদের মাঝে নতুন করে ইন্দোনেশিয়া থেকে আরো চারটি চালান আমদানি করা হচ্ছে। অচিরেই এক লাখ বিশ হাজার টন ডিজেলের উক্ত চারটি চালান দেশে পৌঁছাবে। ঈদের লম্বা ছুটিতে দেশে জ্বালানি তেলের যাতে কোন সংকট না হয় সে জন্য বিপিসি সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপটিয়ায় তিন বাসের মুখোমুখি সংঘর্ষ, এক যাত্রী নিহত